কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কেউ এসএসসিতে, কেউ এইচএসসিতে—সাফল্যের মুকুটে জিপিএ-৫-এর ঝলমলে পালক। মেধা, অধ্যবসায় ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে কুষ্টিয়ায় বাংলাদেশ পুলিশের মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। মেধাবী এসব শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সম্মানী, ক্রেস্ট ও সনদপত্র।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় পুলিশ লাইন্স কুষ্টিয়ার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার বলেন, “এ অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে তাদের অনুপ্রেরণা জোগাবে।” তিনি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং তাদের মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রতিবছর পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের উৎসাহিত করতে এ মেধাবৃত্তি দেওয়া হয়। ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সব বিষয়ে এ+ (জিপিএ-৫) অর্জনকারী পুলিশ সদস্যদের সন্তানদের মধ্য থেকে নির্বাচিতদের এ বৃত্তির আওতায় আনা হয়েছে। মেধার স্বীকৃতির পাশাপাশি এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখেও ছিল আনন্দ ও গর্বের ছাপ। তারা এমন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং কুষ্টিয়ার পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। তাদের মতে, মেধার স্বীকৃতি শুধু আনন্দই দেয় না, সামনে এগিয়ে যাওয়ার দায়বদ্ধতাও বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, ডিআইও-১, ডিএসবি কুষ্টিয়া, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়া, আরও-১, রিজার্ভ অফিস কুষ্টিয়াসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
অনুষ্ঠানটি ছিল একদিকে মেধার স্বীকৃতির, অন্যদিকে নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানোর এক অনুপ্রেরণাময় আয়োজন। কৃতিত্বের এই সম্মাননা ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকবে—এমন প্রত্যাশাই ছিল অনুষ্ঠানের মূল সুর।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |