কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটকের ঘটনায় এবার ভিন্ন দাবি তুলেছে তাদের পরিবার। স্বজনদের অভিযোগ, ষড়যন্ত্রমূলকভাবে দুই যুবককে অস্ত্র ও গুলির মামলায় ফাঁসানো হয়েছে। তাদের কারও কাছ থেকেই কোনো অস্ত্র বা গুলি উদ্ধার হয়নি। ঘটনার সময়ের ভিডিও ফুটেজই এর প্রমাণ—এমন দাবি করে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দুই পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বিশেষ অভিযান চালিয়ে শালঘর মধুয়া এলাকার গোপাল শেখের ছেলে আরিফুল (৩৫) এবং দূর্বাচারা এলাকার রাহাত আলীর ছেলে আব্দুল্লাহকে (৩৪) অস্ত্র ও গুলিসহ আটকের দাবি করে। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
তবে পরিবারের দাবি, ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারের যে তথ্য দেওয়া হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দুই যুবককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মামলায় জড়ানো হয়েছে। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ পরিবারের সদস্যদের কাছে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
পরিবারের সদস্যরা বলেন, ‘আমাদের স্বজনদের কাছে কোনো অস্ত্র বা গুলি ছিল না। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ পর্যালোচনা করলেই প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।’
অন্যদিকে, জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে আরিফুল ও আব্দুল্লাহকে আটক করে। পুলিশের দাবি, অভিযানে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ নিয়ে একদিকে পুলিশের অস্ত্র উদ্ধারের দাবি, অন্যদিকে পরিবারের অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ—দুই বিপরীত বক্তব্যে ঘটনাটি নিয়ে কুষ্টিয়ায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে ভিডিও ফুটেজের বিষয়টি সামনে আসায় এখন ওই ফুটেজে কী রয়েছে এবং তদন্তে তার কোনো প্রভাব পড়ে কি না, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
পরিবারের সদস্যরা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন সাজানো মামলায় হয়রানি করা না হয়। একই সঙ্গে ভিডিও ফুটেজ যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |