কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের বাবর আলী গেটস্থ সংগঠনের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক এন এস রোড প্রদক্ষিণ করে মজমপুর ট্রাফিক চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শ্রমিক অধিকার বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন হোটেল-রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিয়াকত মেধা, কৃষক নেতা আবুল কাশেম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা পলান বিশ্বাস এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি মুক্তারুল ইসলাম।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রমজান বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় পাল। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শ্রমিক সমাজ দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে দ্রুত নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করতে হবে। পাশাপাশি পবিত্র রমজান মাসকে সামনে রেখে আগামী ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের উৎসব বোনাস প্রদান এবং নির্ধারিত সময়ে ছুটি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সরকার ঘোষিত শ্রমিকদের নিম্নতম মজুরির গেজেট দ্রুত বাস্তবায়ন না হলে শ্রমিক সমাজ বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সমাবেশ শেষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার শপথ নিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |