কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শোনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেলেন অসুস্থ বাবা। নিয়তির কী নির্মম পরিহাস—যে বাবার অসুস্থতার খবর শুনে কর্মস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছেলে, সেই ছেলেকে হারানোর শোক সইতে না পেরে রাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করলেন বাবাও। মর্মান্তিক এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মৃত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার বাসিন্দা আবদুল মান্নান (৫৯) ও তাঁর বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় চৌড়হাস গোরস্থানে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর ধরে তিনি শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছিলেন। তাঁর চার সন্তানের মধ্যে বড় ছেলে মাহফুজুর রহমান ছিলেন পরিবারের অন্যতম ভরসা। তিনি শহরের একটি প্রিন্টিং প্রেসে কাজ করতেন। আট মাস আগে বিয়ে করলেও বাবার সঙ্গেই বসবাস করতেন। বাবার অসুস্থতা ও পরিবারের নানা দায়িত্ব নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকতেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে ফোন করে মাহফুজুরকে জানানো হয়, তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তখন তিনি কর্মস্থলে কাজ করছিলেন। বাবার অসুস্থতার খবর শোনার পরপরই হঠাৎ অসুস্থ হয়ে চেয়ারে ঢলে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে মান্নান হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালনকারী চিকিৎসক রুমন রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাহফুজুর স্ট্রোক করেছিলেন। মাথায় রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
মায়ের দুআ প্রিন্টিং প্রেসের মালিক মোখলেচুর রহমান জানান, খবর পেয়ে তিনি প্রেসে গিয়ে মাহফুজুরকে চেয়ারে কাত হয়ে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ৮টার দিকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এদিকে বড় ছেলের মৃত্যুর খবর শোনার পর অসুস্থ আবদুল মান্নানের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ জানান, রাতে ছেলের মরদেহ বাড়িতে নেওয়ার খবর বাবাকে জানানো হলে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে রাত ১১টার দিকে নিজ বিছানাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর চৌড়হাস ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মাহফুজুর ছিলেন পরিবারের আয়ের একমাত্র ব্যক্তি। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
একই পরিবারের দুই প্রজন্মের দুই প্রাণের এমন বিদায় যেন শোকের এক নিদারুণ অধ্যায় হয়ে রইল চৌড়হাস ফুলতলায়। জীবনের শেষ ঠিকানায়ও বিচ্ছিন্ন হলেন না বাবা ও ছেলে—পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত হলেন তাঁরা। তাঁদের এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |