কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে উৎসাহ জোগাতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে স্বপ্ন স্কলারস্ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা-২০২৬। কুষ্টিয়া শহরের কাজী নজরুল ইসলাম রোডের কোটপাড়া এলাকায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মেরিট মডেল স্কুলের সার্বিক সহযোগিতায় সুশৃঙ্খল, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শনিবার ৩১ অক্টোবর সকাল দশটার সময় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্র মেরিট মডেল স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণবন্ত শিক্ষাবান্ধব পরিবেশ। ক্ষুদে পরীক্ষার্থীদের চোখেমুখে ছিল আত্মবিশ্বাস, প্রত্যাশা আর আগামীর সাফল্যের স্বপ্ন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়। শ্রেণিভেদে এক ঘণ্টা, এক ঘণ্টা ৩০ মিনিট এবং দুই ঘণ্টা সময় নির্ধারণ করা হয়। শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক তত্ত্বাবধান, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় পরীক্ষা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।
আয়োজকদের মতে, এ বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের মেধা যাচাই নয়; বরং তাদের মধ্যে অধ্যবসায়, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
মেরিট মডেল স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বগুণ ও সৃজনশীলতার বিকাশেও প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে থাকে। সেই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন শিক্ষামূলক ও মেধা অন্বেষণমূলক কার্যক্রমে সহযোগিতা করে আসছে প্রতিষ্ঠানটি।
বৃত্তি পরীক্ষা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেরিট মডেল স্কুলের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা পায়।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরাও এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, পড়াশোনার পাশাপাশি মেধা যাচাই ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি করে।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, একটি আলোকিত ও সমৃদ্ধ সমাজ গঠনে প্রয়োজন জ্ঞাননির্ভর, সৃজনশীল, মানবিক এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম। আর সেই প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। এ বিবেচনায় স্বপ্ন স্কলারস্ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা-২০২৬ কুষ্টিয়ার শিক্ষাঙ্গনে একটি প্রশংসনীয় ও আশাব্যঞ্জক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |