কুষ্টিয়া প্রতিনিধি | মো. মনিরুল ইসলাম
কুষ্টিয়ার জগতি বিআইডিসি বাজারসংলগ্ন জিকে ক্যানেলের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সেতুটির দুই পাশে নেই কোনো নিরাপত্তা রেলিং। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার করছেন পথচারীসহ ছোট-বড় নানা ধরনের যানবাহনের চালক। গুরুত্বপূর্ণ এই সেতুটি এখন স্থানীয়দের কাছে যেন এক আতঙ্কের নাম, এক ‘মৃত্যুফাঁদ’।
স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান খালের টেইনেজ ১৩+৬০০ এলাকায় অবস্থিত এই সেতুটি কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে সেতুর দুই পাশের রেলিং না থাকায় সামান্য অসতর্কতাতেই যানবাহন বা পথচারী ক্যানেলে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় যেকোনো সময় ঘটে যেতে পারে প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা।
বিআইডিসি বাজারসংলগ্ন হওয়ায় সেতুটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। স্থানীয় ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত এই ঝুঁকিপূর্ণ সেতু ব্যবহার করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, একটি দুর্ঘটনা শুধু একটি মুহূর্তের ঘটনা নয়—এর রেশ থেকে যায় সারা জীবন। তাই কোনো বড় দুর্ঘটনা ঘটার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেতুটির জরুরি ভিত্তিতে সংস্কার, দুই পাশে নিরাপত্তা রেলিং নির্মাণ এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করবে। তাদের দাবি, ‘দুর্ঘটনার পর নয়, দুর্ঘটনার আগেই ব্যবস্থা নিতে হবে।’ কারণ একটি অবহেলা কেড়ে নিতে পারে একটি প্রাণ, আর একটি দুর্ঘটনা ডেকে আনতে পারে সারা জীবনের কান্না।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |