| বঙ্গাব্দ
ad728
ad728

কুমারখালীতে শহীদ কমরেড ডা. সুকুমার চক্রবর্তীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-07-2026 ইং
  • 7514 বার পঠিত
কুমারখালীতে শহীদ কমরেড ডা. সুকুমার চক্রবর্তীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
ছবির ক্যাপশন: কুমারখালীতে শহীদ কমরেড ডা. সুকুমার চক্রবর্তীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

 কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট খালবাজারে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে শহীদ কমরেড ডা. সুকুমার চক্রবর্তীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি আবুল কাশেম। সভা পরিচালনা করেন জেলা সম্পাদক মোকতারুল ইসলাম মুক্তি।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা প্রকাশ দত্ত, কৃষক সংগ্রাম সমিতি ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, জেলা সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা আহ্বায়ক সোলায়মান পারভেজ এবং ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়া জেলা আহ্বায়ক ও গীতিকার আজব আলী।

এ ছাড়া প্রয়াত নেতার রাজনৈতিক সহযোদ্ধা আমজাদ হোসেন, শহীদ কমরেড ডা. সুকুমার চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে তপন চক্রবর্তীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা শহীদ কমরেড ডা. সুকুমার চক্রবর্তীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, যৌবনে তিনি সমাজ পরিবর্তনের যে আদর্শ গ্রহণ করেছিলেন, আমৃত্যু সেই আদর্শের প্রতি অবিচল ছিলেন। শ্রমিক-কৃষক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আত্মত্যাগ আজও সংগ্রামী মানুষকে অনুপ্রাণিত করে। বক্তারা দাবি করেন, তৎকালীন জাসদ গণবাহিনীর হাতে তিনি নিহত হন। তাঁর অসমাপ্ত সংগ্রামকে এগিয়ে নিতে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে তোজাম্মেল হোসেন বিশ্বরাজনীতি ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আধিপত্য বিস্তারের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ, আগ্রাসন ও আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা আন্তর্জাতিক অস্থিরতা বাড়িয়ে তুলছে। এ পরিস্থিতিতে বাংলাদেশও ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের মাটিকে কোনোভাবেই সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সাম্রাজ্যবাদবিরোধী গণআন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি রোধ, বাণিজ্যিক চুক্তি পুনর্বিবেচনা এবং উজানের পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় কৃষকদের জন্য সার, বীজ, বিদ্যুৎ, ডিজেল ও সেচসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য করা এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়। কৃষকদের উৎপাদিত ফসলের একটি বড় অংশ সরকারিভাবে সরাসরি ক্রয়ের ব্যবস্থা, হাট-বাজারের ইজারা প্রথা বাতিল, ওজনে কারচুপি বন্ধ এবং বাজারে খাজনা আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও তুলে ধরেন বক্তারা।

এ ছাড়া জনস্বার্থে সবজি সংরক্ষণাগার ও পর্যাপ্ত গুদাম বা সাইলো নির্মাণ, খাসজমি ভূমিহীন ও দরিদ্র কৃষকদের মধ্যে বরাদ্দ, গ্রামীণ ভূমিহীন কৃষক এবং শহরের শ্রমিক-শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

বক্তারা কুষ্টিয়া জেলার নদ-নদী খনন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ এবং নদীগর্ভে নির্মিত ক্রসড্যাম অপসারণেরও দাবি জানান।

সভা শেষে শহীদ কমরেড ডা. সুকুমার চক্রবর্তীর অসমাপ্ত লড়াই ও আদর্শকে সামনে রেখে সাম্রাজ্যবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এর আগে দুপুর ২টায় প্রয়াত নেতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, নীরবতা পালন ও শপথ পাঠের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম