কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
“মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান”—এই সময়োপযোগী শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি-২০২৬। শুক্রবার (২৪ এপ্রিল) আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা।
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই দৃপ্ত উচ্চারণে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদক আজ সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য ভয়ংকর ব্যাধিতে পরিণত হয়েছে। এর করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির সম্ভাবনাকেও। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ হতে হবে।
মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর সামাজিক অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আয়োজকরা জানান, রায়ডাঙ্গাবাসীর উদ্যোগে এ কর্মসূচি কেবল প্রতীকী প্রতিবাদ নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা। ভবিষ্যতেও মাদকমুক্ত সমাজ গঠনে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, গ্রামবাংলার জনপদে এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানববন্ধন শেষে মাদক নির্মূলে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। রায়ডাঙ্গার এই উচ্চারণ যেন প্রতিধ্বনিত হয় সারাদেশে—মাদকমুক্ত হোক বাংলাদেশ, সুরক্ষিত হোক আগামী প্রজন্ম।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |