মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। বিশেষ করে কুষ্টিয়া সদর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে মাঠে সরব হয়ে উঠেছেন জিয়া সমাজকল্যাণ পরিষদ, কুষ্টিয়া সদর উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম ও দলীয় নেতাকর্মীরা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার প্রধান সড়ক, অলিগলি এবং জনবহুল এলাকাজুড়ে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালিত হচ্ছে। প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীদের পদচারণায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী প্রচারণা পেয়েছে ভিন্নমাত্রা ও প্রাণবন্ততা।
গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দিতে গিয়ে মো. রফিকুল ইসলাম বলেন, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে কুষ্টিয়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নমুখী রাজনীতিতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রচারণাকালে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার তুলে ধরেন। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবা সহজ ও জনবান্ধব করার বিষয়ে প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা দাবি করেন, কুষ্টিয়া সদরকে একটি আধুনিক, পরিকল্পিত ও মানবিক নগরীতে রূপান্তর করতে হলে প্রয়োজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব। তাদের মতে, প্রকৌশলী জাকির হোসেন সরকার ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এদিকে গণসংযোগে অংশ নেওয়া অনেক সাধারণ ভোটারের মধ্যেও ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। স্থানীয় এক প্রবীণ ভোটার বলেন, “তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে আন্তরিক। তাই এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীককে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
গণসংযোগ কর্মসূচির মাধ্যমে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কয়েকজন নেতাকর্মী বিএনপির রাজনীতির প্রতি সমর্থন জানিয়ে নতুন করে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই কুষ্টিয়া সদর-৩ আসনসহ জেলার অন্যান্য আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। বিভিন্ন দলের প্রচারণা, জনসম্পৃক্ত কার্যক্রম এবং মাঠ পর্যায়ের সক্রিয়তায় নির্বাচনী পরিবেশ ক্রমেই সরগরম হয়ে উঠছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারণার উত্তাপ আরও বাড়বে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |