কুষ্টিয়া প্রতিনিধি:
সীমান্তজুড়ে সতর্ক প্রহরায় আবারও সাফল্যের স্বাক্ষর রাখলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, যা মাদকবিরোধী অভিযানে নতুন করে দৃঢ়তা ও কার্যকারিতার বার্তা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরেই জোরালো তৎপরতা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০ ও ২১ এপ্রিল ২০২৬ তারিখে পৃথক কয়েকটি সফল অভিযান পরিচালনা করা হয়।
২০ এপ্রিল রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে রংমহল বিওপি’র একটি দক্ষ টহল দল খাসমহল মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ বোতল ভারতীয় মদ ও ১,৩০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা।
একই দিন রাত ১০টা ৪০ মিনিটে শুভরাজপুর বিওপি’র টহল দল শুভরাজপুর মাঠপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ ও ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। এ চালানের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩ লক্ষ ১৫ হাজার টাকা।
এরপর ২১ এপ্রিল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রংমহল বিওপি’র আরেকটি টহল দল বর্ডারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল (ফেয়ারডিল) সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
সবমিলিয়ে এসব অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১৯ বোতল ভারতীয় মদ, ১৭৫ বোতল ফেন্সিডিল সিরাপ এবং ২,৩০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য প্রায় ৭ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকা।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করছেন। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং স্থানীয় জনগণের সহযোগিতার মাধ্যমে এসব অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
সীমান্তে কঠোর নজরদারি ও দায়িত্বশীল তৎপরতায় বিজিবির এই সাফল্য আবারও প্রমাণ করে—দেশের নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা সজাগ, দৃঢ় এবং প্রতিশ্রুতিবদ্ধ।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |