| বঙ্গাব্দ
ad728
ad728

দৌলতপুরকে আধুনিক ও বৈষম্যহীন উপজেলা গড়ার প্রত্যয়ে নুরুজ্জামান হাবলু মোল্লার নির্বাচনী ইশতেহার ঘোষণা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 04-02-2026 ইং
  • 3381 বার পঠিত
দৌলতপুরকে আধুনিক ও বৈষম্যহীন উপজেলা গড়ার প্রত্যয়ে নুরুজ্জামান হাবলু মোল্লার নির্বাচনী ইশতেহার ঘোষণা
ছবির ক্যাপশন: দৌলতপুরকে আধুনিক ও বৈষম্যহীন উপজেলা গড়ার প্রত্যয়ে নুরুজ্জামান হাবলু মোল্লার নির্বাচনী ইশতেহার ঘোষণা

মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. নুরুজ্জামান (হাবলু মোল্লা) তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রাক্কালে ঘোষিত এই ইশতেহারে তিনি দৌলতপুর উপজেলাকে আধুনিক, নিরাপদ ও বৈষম্যহীন উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, রাজনীতি তাঁর কাছে ক্ষমতার প্রদর্শন নয়; বরং মানুষের কল্যাণ ও সেবার এক মহান দায়িত্ব। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উন্নয়ন নিশ্চিত করতে তিনি মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য দৌলতপুরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

সমৃদ্ধ দৌলতপুর গড়ার ভিশন

প্রার্থী তাঁর “সমৃদ্ধ দৌলতপুর ২০২৬” পরিকল্পনার আওতায় কৃষি খাতের আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি স্মার্ট কৃষি ব্যবস্থা চালুর পাশাপাশি ঘরে বসেই উন্নত বীজ, সার এবং সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তির সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আধুনিক ফার্মার-টু-মার্কেট ব্যবস্থা চালুর কথাও উল্লেখ করেন।

স্বাস্থ্যসেবায় যুগান্তকারী উদ্যোগ

ইশতেহারে দৌলতপুরে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ এবং রামকৃষ্ণপুর ও চিলমারীর মধ্যবর্তী স্থানে ৫০ শয্যার একটি হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহণের ঘোষণা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের নিশ্চয়তা এবং প্রবীণ ও গর্ভবতী মায়েদের জন্য ডোর-টু-ডোর স্বাস্থ্যসেবা চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদার

দৌলতপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দুটি শক্তিশালী থানা—দৌলতপুর ও মথুরাপুর—বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন প্রার্থী। তিনি জনগণের জন্য হয়রানিমুক্ত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠন

ইশতেহারে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম স্থাপন এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার আধুনিকায়নের মাধ্যমে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।

কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন

তরুণদের বেকারত্ব দূরীকরণে ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগের কথা জানান তিনি। ছোট উদ্যোক্তা ও প্রবাসীদের জন্য ওয়ান-স্টপ আইনি ও আর্থিক সেবা চালুর পরিকল্পনাও রয়েছে। গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে টেকসই সড়ক, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, ঘরে ঘরে উচ্চগতির ইন্টারনেট এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া রামকৃষ্ণপুর ও চিলমারী এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে একটি সংযোগ সেতু নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সুশাসন ও মানবিক সমাজ প্রতিষ্ঠা

নিয়মিত জনপ্রতিনিধি জবাবদিহিতা সভার মাধ্যমে জনগণের অভিযোগ শুনে তা সমাধানের আশ্বাস দেন প্রার্থী। তিনি সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেন।

ব্যতিক্রমী মানবিক অঙ্গীকার

আলহাজ্ব মো. নুরুজ্জামান (হাবলু মোল্লা) ঘোষণা দেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি রাষ্ট্র থেকে প্রাপ্ত সংসদ সদস্যের সম্পূর্ণ সম্মানী ও ভাতা ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না। বরং ধর্মীয় প্রতিষ্ঠান, দরিদ্র, এতিম, বিধবা ও অসহায় মানুষের শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তায় সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তা দান ও বিতরণ করবেন।

তিনি বলেন, “আমি শাসক হতে নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। সততা ও মানবিকতার ভিত্তিতে দৌলতপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।”

আসন্ন নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে দৌলতপুরের উন্নয়নযাত্রায় অংশীদার হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান এই স্বতন্ত্র প্রার্থী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম