কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বদলি জনিত কারণে কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) জনাব শ্রী রাধেশ চন্দ্র সেনকে বিদায় জানাতে রবিবার (২৬ অক্টোবর) বিকেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সম্প্রতি তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “রাধেশ চন্দ্র সেন দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে কুষ্টিয়া জেলায় দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও নেতৃত্ব ভবিষ্যতে তরুণ পুলিশ সদস্যদের অনুপ্রেরণা যোগাবে।”
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা শ্রী রাধেশ চন্দ্র সেনকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান।
বিদায়ী বক্তব্যে শ্রী রাধেশ চন্দ্র সেন বলেন, “কুষ্টিয়া আমার কর্মজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। এখানকার মানুষের আন্তরিকতা, সহকর্মীদের সহযোগিতা ও কর্মকর্তাদের দিকনির্দেশনা আমাকে সমৃদ্ধ করেছে। আমি এই জেলার প্রতি কৃতজ্ঞ।”
সংবর্ধনা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর সফল কর্মজীবন ও নতুন দায়িত্বে আরও সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, আবেগময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিপূর্ণ।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |