| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, সংগীত ও কবিতা আবৃত্তি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 28-11-2026 ইং
  • 936 বার পঠিত
কুষ্টিয়ায় সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, সংগীত ও কবিতা আবৃত্তি
ছবির ক্যাপশন: অপসংস্কৃতি পরিহার করে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য, সংগ্রামী চেতনা ও সমাজ পরিবর্তনের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কুষ্টিয়ায় তাঁর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সংগীত ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অপসংস্কৃতি পরিহার করে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ এবং জাতীয় গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান বক্তারা।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ তলায় ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, কবি, সাহিত্যপ্রেমী, সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. এ. আওয়াল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মোক্তারুল ইসলাম মুক্তি এবং সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বারী।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাসান জামান লালন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিরা খাতুন পাশা, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদসহ প্রগতিশীল সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিভিশনের গীতিকার আজব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়ার যুগ্ম আহ্বায়ক পলান বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে এম. এ. আওয়াল বলেন, সুকান্ত ভট্টাচার্য ছিলেন মার্কসবাদী দর্শনে বিশ্বাসী এক বিপ্লবী কবি। তাঁর কবিতা নিছক সাহিত্যিক সৌন্দর্যের প্রকাশ নয়; বরং শোষণ, বৈষম্য, অন্যায় ও সামাজিক অসংগতির বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী ভাষা। তাঁর সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতির বিস্তার রোধে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা জরুরি। সমাজের সর্বস্তরের মানুষকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মানবিক, অসাম্প্রদায়িক ও সচেতন সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মোক্তারুল ইসলাম মুক্তি বলেন, সাংস্কৃতিক আন্দোলন একটি জাতির চিন্তা, চেতনা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি ও নেতিবাচক সামাজিক প্রবণতা থেকে দূরে রাখতে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ জন্য সর্বত্র প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা এবং জাতীয় গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন, সাহিত্যকর্ম, রাজনৈতিক দর্শন এবং সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সুকান্তের কবিতায় শোষিত মানুষের অধিকার, শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম, সাম্য প্রতিষ্ঠার স্বপ্ন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর সাহিত্য আজও সমাজের অসংগতি ও বৈষম্যের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করার অনুপ্রেরণা জোগায়।

প্রধান শিক্ষক সামিরা খাতুন পাশা বলেন, সুকান্তের কবিতা শুধু সাহিত্যিক সৌন্দর্যের প্রকাশ নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, মানুষের প্রতি ভালোবাসা এবং সমাজ পরিবর্তনের প্রেরণা। তাঁর আদর্শকে ধারণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে মানুষের অধিকার, মুক্তচিন্তা ও সামাজিক অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

গীতিকার আজব আলী বলেন, বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য ও কবিতা শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবিকতা এবং নতুন সমাজ গঠনের স্বপ্নে উদ্বুদ্ধ করে। তাঁর কবিতায় শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজের প্রত্যাশা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। বর্তমান সময়ে নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্য ও আদর্শ তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনায় ফুটে ওঠে প্রতিবাদী চেতনা, মানবিক মূল্যবোধ, সাম্য ও সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা। উপস্থিত দর্শক-শ্রোতারা কবিতার আবেগ, সংগীতের সুর এবং আলোচনার মধ্য দিয়ে সুকান্তের জীবনদর্শন ও সাহিত্যিক চেতনার সঙ্গে নতুন করে পরিচিত হন।

অনুষ্ঠানের শেষে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিস্তার, অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনকে সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

‘জাতীয় গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করুন, সকল অপসংস্কৃতি এড়িয়ে চলুন এবং প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলুন’—এই স্লোগানকে সামনে রেখে সুকান্তের কবিতা ও আদর্শ ধারণ করে মানবিক, সাম্যভিত্তিক, অসাম্প্রদায়িক ও সচেতন সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম