কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি-এর আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া জেলা সফর উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ, হোটেল ম্যানেজার ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিকাল ৪টায় পুলিশ অফিস, কুষ্টিয়ার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কুষ্টিয়া আগমনকে কেন্দ্র করে জেলার হোটেল, রেস্তোরাঁসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার সভায় উপস্থিত হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ, ম্যানেজার ও কর্মচারীদের উদ্দেশ্যে নিজ নিজ হোটেল ও রেস্তোরাঁয় সিসিটিভি ক্যামেরা সচল ও কার্যকর রাখার নির্দেশনা দেন। পাশাপাশি নিরাপত্তাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা, হোটেলে আগত অতিথিদের বিষয়ে সচেতন থাকা এবং যেকোনো সন্দেহজনক পরিস্থিতি বা কার্যকলাপ নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ প্রদান করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর যেন নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত সচেতনতা, দায়িত্বশীলতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
মতবিনিময় সভায় হোটেল ও রেস্তোরাঁ সংশ্লিষ্টদের নিরাপত্তা ব্যবস্থাপনা, অতিথি সেবা এবং বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মো. আবু হেনা মিলন, ডিআইও-১, ডিএসবি, কুষ্টিয়া; মোর্তুজা খান, ইনচার্জ, অপরাধ শাখা, কুষ্টিয়া এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কুষ্টিয়া জেলায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রধানমন্ত্রীর সফর শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |