| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ‘আজকের দর্পণ’-এর যুগপূর্তি উদযাপন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-11-2026 ইং
  • 497 বার পঠিত
কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ‘আজকের দর্পণ’-এর যুগপূর্তি উদযাপন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ‘আজকের দর্পণ’-এর যুগপূর্তি উদযাপন

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক ‘আজকের দর্পণ’-এর যুগপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। দীর্ঘ ১২ বছরের পথচলা পেরিয়ে ১৩ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান সাংবাদিকদের মিলনমেলা, শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

রোববার (২২ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামের এস.কে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক ‘আজকের দর্পণ’-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা সংবাদপত্রের দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের অসংগতি তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও নাগরিক টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. নুরুন্নবী বাবু, কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক মাটির পৃথিবী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম. এ. জিহাদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মুকুল খসরু, দৈনিক প্রতিজ্ঞার সম্পাদক ও প্রকাশক নূরুন্নাহার সীমা, মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শামসুল হক। দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সূর্যের ডাক-এর সম্পাদক ও প্রকাশক এবং মিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মো. রিপন; দৈনিক লালন বার্তার সম্পাদক ও প্রকাশক এবং লালন টিভি ২৪-এর চেয়ারম্যান সেলিম মাহমুদসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক মাটির পৃথিবী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম. এ. জিহাদ বলেন, সংবাদপত্র কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি সমাজের দর্পণ, মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার শক্তিশালী প্ল্যাটফর্ম। দীর্ঘ ১২ বছর ধরে দৈনিক ‘আজকের দর্পণ’ পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার যে যাত্রা অব্যাহত রেখেছে, তা প্রশংসনীয়। ভবিষ্যতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও নাগরিক টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. নুরুন্নবী বাবু বলেন, দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী সাংবাদিকতা জগতের জন্য একটি আনন্দের ও গৌরবের দিন। দীর্ঘ পথচলায় পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মুকুল খসরু বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম দেশ, সমাজ ও মানুষের সমস্যা, সম্ভাবনা এবং অধিকার তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র, জবাবদিহিতা ও জনসচেতনতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক আজকের দর্পণ আগামী দিনেও সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীন টিভির কুষ্টিয়া পশ্চিম প্রতিনিধি জিয়ারুল ইসলাম, দৈনিক নবচেতনার কুষ্টিয়া জেলা প্রতিনিধি আল আমিন, নগর বার্তার চেয়ারম্যান সুমন শাহ, দৈনিক জবাবদিহি ও চ্যানেল এ ওয়ানের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. মুনজুরুল ইসলাম, দৈনিক লালন কণ্ঠের সহকারী সম্পাদক আব্দুস সালাম, আরকে নিউজের চেয়ারম্যান রফিকুল ইসলাম, দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার ও রুপসী বাংলা টেলিভিশনের প্রতিনিধি আব্দুল্লাহ আল বিন জুবায়ের এবং দৈনিক আমার বাংলার কুষ্টিয়া জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম বিমাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা শেষে অতিথিদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা দৈনিক ‘আজকের দর্পণ’-এর দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন এবং পত্রিকাটির আগামী দিনের অগ্রযাত্রায় শুভকামনা জানান।

সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার আবহে অনুষ্ঠিত এ যুগপূর্তি অনুষ্ঠান কুষ্টিয়ার সাংবাদিক সমাজে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম