| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে মাদরাসা-কলেজ থেকে সমান আসনে ভর্তি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 09-12-2025 ইং
  • 55120 বার পঠিত
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে মাদরাসা-কলেজ থেকে সমান আসনে ভর্তি
ছবির ক্যাপশন: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে মাদরাসা-কলেজ থেকে সমান আসনে ভর্তি

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে পুনরায় মাদরাসা ও কলেজ ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য সমান আসন নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিভাগটিতে মোট ৮০টি আসনের মধ্যে ৪০টি মাদরাসা ব্যাকগ্রাউন্ড ও ৪০টি কলেজ ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে। রোববার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

২০০৩-০৪ শিক্ষাবর্ষে ‘আল-ফিকহ্’ নামে যাত্রা শুরু করে বিভাগটি। ইসলামী শরিয়ত, ফিকহ ও প্রচলিত আইনের সমন্বয়ে তৈরি এ বিশেষায়িত বিভাগে দীর্ঘদিন ধরে আরবি ভাষায় দক্ষ শিক্ষার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ পেতেন। তবে ২০১৮ সালে তৎকালীন প্রশাসন মাদরাসা ব্যাকগ্রাউন্ডের শর্ত তুলে দিলে কলেজ ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরাও ভর্তি হওয়ার সুযোগ পান।

বিভাগ সূত্র জানায়, অনার্স ও মাস্টার্স মিলিয়ে প্রায় ২৫০০ নম্বরের আরবি ভাষাভিত্তিক ফিকহ কোর্স পড়ানো হয়। আরবি দক্ষতা না থাকায় সাধারণ ব্যাকগ্রাউন্ডের অনেক শিক্ষার্থী এসব কোর্স বুঝতে সমস্যায় পড়ছে। ফলে বারবার রিটেক, সেশনজটসহ নানা সংকটে পড়তে হচ্ছে বিভাগকে। এসব সমস্যা কাটিয়ে উঠতেই পুনরায় সমান আসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভাগের শিক্ষার্থী মিশুক শাহরিয়ার বলেন, “এটি বিশেষায়িত বিভাগ, তাই সকলের জন্য সমানভাবে ভর্তি উন্মুক্ত রাখাটা যৌক্তিক নয়। ভালো আরবি না জানলে ফিকহের তিনটি কোর্সই বোঝা কঠিন।”

আরেক শিক্ষার্থী দুলাল হোসেন বলেন, “আরবি জানি না বলে ক্লাসে হীনমন্যতায় ভুগি। ফিকহের বিষয়গুলো ধরতেই পারি না।”

শিক্ষকদের দাবি—আরবি না জানা শিক্ষার্থী ভর্তি হওয়ায় একদিকে শিক্ষাদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরাও পড়াশোনায় পিছিয়ে পড়ছে। অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, “অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী মাদরাসা ও জেনারেল ব্যাকগ্রাউন্ডের ৫০-৫০ ভাগ শিক্ষার্থী ভর্তি নেওয়ার সিদ্ধান্ত ছিল। এবার সে সিদ্ধান্তই বাস্তবায়ন করা হচ্ছে।”

বিভাগের সিনিয়র অধ্যাপক ড. আবু বকর মো. জাকারিয়া মজুমদার বলেন, “বিজ্ঞানে পড়তে হলে যেমন বিজ্ঞানের শর্ত মানতে হয়, তেমনি ফিকহ পড়তে হলে আরবি জানা জরুরি। আরবি না জানা শিক্ষার্থী ফিকহের বিশেষ শব্দ বুঝতে পারে না, ফলে বিভাগের উদ্দেশ্য পূরণ হয় না।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন জানান, অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভর্তি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এতে বর্তমান শিক্ষার্থীদের ওপর কোনও প্রভাব পড়বে না। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।

আল-ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগে পুনরায় সমান আসনের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের যোগ্যতা নিশ্চিত করা এবং বিভাগের পাঠদান মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম