কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সরকারি অনুমোদন ও বরাদ্দ পাওয়ার পরও গ্রামীণ সড়ক উন্নয়নকাজে দেখা দিয়েছে ধীরগতি। কোথাও নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি, আবার কোথাও দীর্ঘদিন আগে সড়ক খোঁড়াখুঁড়ে রাখা হলেও শুরু হয়নি মূল নির্মাণকাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়া ইউনিয়নসহ সংশ্লিষ্ট এলাকার কয়েক গ্রামের মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ পথচারীদের প্রতিদিনই পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।
প্রকল্পসংশ্লিষ্ট প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুমারখালীর জিকেআরআইডিপি প্রকল্পের দুটি প্যাকেজের আওতায় তিনটি সড়ক উন্নয়নকাজের অগ্রগতি যথাক্রমে মাত্র ২৫, ১৫ ও শূন্য শতাংশ। কোটি টাকার বেশি সরকারি উন্নয়নকাজে এমন ধীরগতিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, GKRIDP/KM-62 প্রকল্পের আওতায় সুলতানপুর-ফুলতলা পাকা সড়কের ১ হাজার ৮১০ মিটার থেকে ৩ হাজার ১০ মিটার চেইনেজ পর্যন্ত অংশ ইউনিব্লক দিয়ে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। এ কাজের চুক্তিমূল্য ৮৯ লাখ ৬৭ হাজার ৩৬১ টাকা ৬০ পয়সা। কুষ্টিয়ার থানাপাড়ার ঠিকাদার মো. সাইদুর রহমান কাজটি বাস্তবায়নের দায়িত্ব পান। গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে কাজ শুরু হয়ে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কাজের অগ্রগতি মাত্র ২৫ শতাংশ।
অন্যদিকে, GKRIDP/KW-287 প্রকল্পের আওতায় দুটি সড়ক উন্নয়নকাজ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রাধাগ্রাম (আলম শেখ মোড়)-বেড় কালোয়া ইউএনআর (জহুরুল ডাক্তারের বাড়ি) সড়কের ৬২০ মিটার উন্নয়নকাজের অগ্রগতি মাত্র ১৫ শতাংশ। গত ১ মার্চ ২০২৬ তারিখে কাজ শুরু হয়ে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখে শেষ হওয়ার কথা রয়েছে।
একই প্যাকেজের আওতায় কালোয়া বাজার ইউএনআর (বটতলা)-রাধাগ্রাম জিপিএস মোড় সড়কের ৮৪২ মিটার উন্নয়নকাজ এখনো শুরুই হয়নি। ফলে এ কাজের অগ্রগতি দাঁড়িয়েছে শূন্য শতাংশ। এ প্যাকেজের মোট চুক্তিমূল্য ১ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৪১২ টাকা। কুমারখালীর মনোহরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লামিছা এন্টারপ্রাইজ কাজ দুটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। এ দুটি কাজও আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখে শেষ হওয়ার নির্ধারিত সময় রয়েছে।
প্রকল্পের তথ্য অনুযায়ী, জিকেআরআইডিপির এই তিনটি কাজ ছাড়া অন্যান্য কাজ ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
এদিকে, সড়ক নির্মাণে দীর্ঘসূত্রতা ও খোঁড়াখুঁড়ির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন কয়া ইউনিয়নের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাজ্জাদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের এই রাস্তাটি সাত-আট মাস আগে খোঁড়াখুঁড়ে রাখা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের নির্মাণকাজ করা হয়নি। এতে আমরা চরম দুর্ভোগের মধ্যে আছি। গাড়ি চলাচল তো দূরের কথা, ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া, প্রশাসনের লোকজনের যাতায়াত, এমনকি অসুস্থ রোগীদের হাসপাতাল ও ক্লিনিকে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি এভাবে পড়ে থাকায় প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এলাকাবাসীকে। দ্রুত নির্মাণকাজ শুরু না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।
একই এলাকার বাসিন্দা অনি আহমেদ আক্ষেপ করে বলেন, “এখন এই রাস্তা আমাদের গলার বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। আমাদের বাড়ির পাশের এই রাস্তাটি অনেক দিন আগে খোঁড়াখুঁড়ি করা হলেও এখন পর্যন্ত নির্মাণকাজ শুরু হচ্ছে না। রাস্তার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা এভাবে পড়ে থাকায় এলাকাবাসীকে অতি কষ্টে দিন কাটাতে হচ্ছে। জনদুর্ভোগের অবসানে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। রাস্তাটি যেন দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করে চলাচলের উপযোগী করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সড়কগুলোর বেহাল অবস্থার কারণে কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টি হলে খোঁড়াখুঁড়ে রাখা সড়কে চলাচলের দুর্ভোগ আরও বেড়ে যায়। অনেক ক্ষেত্রে যানবাহন চলাচলও হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ।
এলাকাবাসীর মতে, গ্রামীণ সড়ক শুধু যাতায়াতের মাধ্যম নয়; এটি কৃষি, শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। অথচ সরকারি অনুমোদন, বরাদ্দ ও উন্নয়ন পরিকল্পনা থাকার পরও নির্মাণকাজে এমন ধীরগতি সাধারণ মানুষের প্রত্যাশাকে হতাশায় পরিণত করছে।
সচেতন মহলের দাবি, প্রকল্প দুটির কাজ সরেজমিনে পরিদর্শন করে প্রকৃত অগ্রগতি যাচাই, নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের জবাবদিহি প্রতিষ্ঠা করা জরুরি। পাশাপাশি চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সরকারি অর্থ বরাদ্দ, প্রকল্প অনুমোদন ও উন্নয়নের পরিকল্পনা—সবই রয়েছে; নেই শুধু মাঠপর্যায়ে প্রত্যাশিত বাস্তবায়নের গতি। মাসের পর মাস সড়ক খোঁড়াখুঁড়ে রেখে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে রাখার অবসান চান কুমারখালীর ভুক্তভোগী এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, দ্রুত নির্মাণকাজ শুরু ও সম্পন্ন করে গ্রামীণ যোগাযোগব্যবস্থায় স্বস্তি ফিরিয়ে আনবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উন্নয়নের সুফল যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে পৌঁছে যায় সাধারণ মানুষের দোরগোড়ায়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |