কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় জাতীয় ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টায় বাবর আলীগেটস্থ জেলা কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রভাবশালী নেতা। তাঁর রাজনৈতিক জীবন, সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান, কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা ও প্রেরণার উৎস।
আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কুষ্টিয়া জেলা সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, জাতীয় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এম জেড সাইদি সাগর, জাতীয় ছাত্রদলের সাবেক জেলা সাধারণ সম্পাদক এম এস মনির টুটুল, ছাত্রনেতা তহমিনা খাতুন, সৌহার্দ, অর্পন, তিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন বিশ্বব্যাপী বাজার ও প্রভাববলয় নিয়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর দ্বন্দ্ব ক্রমেই তীব্র হচ্ছে। এর ফলে বিশ্বযুদ্ধের আশঙ্কাও বাড়ছে। বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশকে বিভিন্ন আন্তর্জাতিক জোট, চুক্তি ও কৌশলগত কর্মকাণ্ডের মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থসংশ্লিষ্ট সংঘাতের সঙ্গে সম্পৃক্ত করার অপতৎপরতা চলছে বলে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, মওলানা ভাসানী আজীবন সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কৃষক আন্দোলন থেকে শুরু করে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক আদর্শ ও অবস্থানের প্রশ্নে আপসহীন এই নেতা শোষণমুক্ত সমাজ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন।
তাঁরা উল্লেখ করেন, মওলানা ভাসানীর পৃষ্ঠপোষকতায় ১৯৭৩ সালের ২৩ আগস্ট জাতীয় ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি এ লড়াই জাতীয় মুক্তি স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্রসমাজকে সংগঠিত করার রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করে আসছে।
আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণের কারণে সাধারণ শ্রমিক-কৃষকের সন্তানদের শিক্ষার সুযোগ সংকুচিত হচ্ছে। উচ্চশিক্ষা শেষে অনেক শিক্ষিত তরুণ-তরুণীও কর্মসংস্থানের নিশ্চয়তা পাচ্ছেন না। প্রতিবছর বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের সংকট এবং জনজীবনের নানা সমস্যায় সাধারণ মানুষ বিপর্যস্ত।
বক্তারা মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তিসহ জাতীয় ও জনস্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবি জানান। একই সঙ্গে দেশের বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া, বিভিন্ন আন্তর্জাতিক সামরিক ও কৌশলগত জোটে যুক্ত হওয়া এবং কথিত মানবিক করিডরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী সংঘাতের সঙ্গে সম্পৃক্ত করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করেন তাঁরা।
তাঁদের মতে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। এ জন্য ছাত্রসমাজকে শ্রমিক-কৃষক ও সাধারণ মানুষের ন্যায়সংগত আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব ও শিক্ষাবাণিজ্যের বিরুদ্ধে সংগঠিত হতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, বরং দেশের বিদ্যমান শোষণমূলক আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন এবং একটি জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার, সংবিধান ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে। মওলানা ভাসানী দেখানো পথে সাম্রাজ্যবাদ ও পুজিঁবাদ বিরোধী সংগ্রামে গণমূখি শিক্ষাব্যবস্থা, শিক্ষাশেষে চাকুরির নিশ্চয়তা দাবিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা থেকে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা-দালালপুঁজিবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে প্রগতিশীল ছাত্ররাজনীতির ধারাকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |