| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে ডিবির ওপর হামলা, ১৫ জনের নাম উল্লেখসহ মামলা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-11-2026 ইং
  • 230 বার পঠিত
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে ডিবির ওপর হামলা, ১৫ জনের নাম উল্লেখসহ মামলা
ছবির ক্যাপশন: মাদকবিরোধী অভিযানে গিয়ে আহত তিন পুলিশ সদস্য; অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবউদ্দীন জনি বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। তবে এজাহারে নাম উল্লেখ করা আসামিদের পরিচয় সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাত ৯টার দিকে। ওই সময় কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযান চলাকালে মাদকসেবীদের সঙ্গে পুলিশ সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ডিবি সদস্যরা হামলার শিকার হন বলে জানা গেছে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জনি, জিহাদ ও কনস্টেবল ইমরান আহত হন। পরে তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা নিতে দেখা যায়। চিকিৎসা শেষে তাঁরা হাসপাতাল ত্যাগ করেন।

মামলার বাদী এসআই রকিবউদ্দীন জনি বলেন, ‘আমি মামলার বাদী। সিটিস্ক্যান করছি, পরে কথা বলছি।’

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যরা মাদকদ্রব্য উদ্ধারে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর এমন হামলার ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্যাম্পাসসহ শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা করছেন সচেতন মহল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম