কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ায় জেলা পুলিশের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কুষ্টিয়া পুলিশ অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবস্থলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব কুমারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ ও পূজা উদযাপন পরিষদের মধ্যে সমন্বয় আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও এক অনন্য উৎসব। তাই উৎসবকে ঘিরে কোথাও যেন বিশৃঙ্খলা, গুজব কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে যেকোনো সমস্যা দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় নিরাপত্তা, শৃঙ্খলা ও প্রগতির সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় দুর্গোৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভার মধ্য দিয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন পরিষদের পারস্পরিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |