কুষ্টিয়া প্রতিনিধি
প্রেমের সম্পর্কের সূত্র ধরে কৌশলে ডেকে নিয়ে কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে এক নারীকে চারদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে কৌশলে ওই নারী সেখান থেকে বেরিয়ে এসে স্থানীয়দের সহায়তা চাইলে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রাফিউজ্জামান রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গ্রেপ্তার রবিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, রবিন কৌশলে ওই নারীকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার একটি বহুতল ভবনের নিচতলায় অবস্থিত একটি মেসে নিয়ে যান। সেখানে তাকে চারদিন আটকে রাখা হয় বলে অভিযোগ। এ সময় রবিন ও তার সহযোগীরা ওই নারীকে শারীরিক নির্যাতনের পাশাপাশি ধর্ষণ করেছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ রয়েছে, ভুক্তভোগীর পরিচয় গোপন করার উদ্দেশ্যে তার ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়িয়ে ফেলা হয়।
সোমবার (২০ জুলাই) সকালে সুযোগ বুঝে ওই নারী মেস থেকে বের হয়ে রাস্তায় এসে স্থানীয়দের কাছে সাহায্য চান। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। এরপর তাকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, ভুক্তভোগী নারীর যৌন নির্যাতনের অভিযোগ থাকায় তাকে গাইনি ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বর বলেন, ভুক্তভোগী নারীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে।
এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |