কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের সেচ সুবিধা পূর্ণাঙ্গভাবে চালু, পর্যাপ্ত সার ও বিদ্যুৎ সরবরাহ এবং কৃষকের ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শেখপাড়া বাজারে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গার প্রায় ১ লাখ ৯৭ হাজার ৫০০ হেক্টর কৃষিজমি জিকে সেচ প্রকল্পের ওপর নির্ভরশীল। কিন্তু প্রকল্পের সেচব্যবস্থা কার্যকর না থাকায় বিপাকে পড়েছেন বিপুলসংখ্যক কৃষক। একসময় এ প্রকল্পের মাধ্যমে আবাদি জমিতে প্রায় ৫ হাজার ৪০০ কিউসেক পানি সরবরাহ করা হলেও বর্তমানে প্রধান ও পরিপূরক পাম্প ইউনিটের অধিকাংশ অচল বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, চলতি আমন মৌসুমে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ায় কৃষকদের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বোরো মৌসুমেও কয়েক বছর ধরে জিকে প্রকল্প থেকে পর্যাপ্ত পানি না পাওয়ায় কৃষকদের নিজস্ব উদ্যোগে গভীর ও অগভীর নলকূপ স্থাপন করে সেচের ব্যবস্থা করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও চাপ তৈরি হচ্ছে।
সমাবেশে কৃষক নেতারা জিকে সেচ প্রকল্পের প্রধান ক্যানেলসহ সব ক্যানেলের নাব্যতা ও পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ক্যানেল সংস্কার ও প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির বলেন, কৃষি উৎপাদনের অন্যতম প্রধান শর্ত হলো নিরবচ্ছিন্ন সেচব্যবস্থা। তাই জিকে সেচ প্রকল্পকে পূর্ণাঙ্গভাবে সচল রাখার পাশাপাশি পদ্মাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।
সমাবেশে সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু, সহসভাপতি সুনীল সরকার ও সাখাওয়াত হোসেন, মাগুরা জেলার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাস্টার, মেহেরপুর জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, কুষ্টিয়া জেলার সভাপতি আবুল কাশেম, সদর থানার সভাপতি ডা. আমিনুর রহমান, শৈলকুপা উপজেলা শাখার সহসভাপতি আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস এবং কুষ্টিয়া জেলার শ্রমিকনেতা সোলায়মান পারভেজ প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইমরান হোসেন ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক মোকতারুল ইসলাম মুক্তি।
সমাবেশ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সব মৌসুমে পদ্মার পানির যৌক্তিক উচ্চতা নিশ্চিত করে জিকে সেচ প্রকল্প পূর্ণাঙ্গভাবে চালু রাখা; পদ্মা-তিস্তাসহ অভিন্ন নদ-নদীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা; জিকে প্রকল্পের সব ক্যানেলের নাব্যতা ও পানি প্রবাহ নিশ্চিত করা; দেশীয় সার কারখানা চালু ও আধুনিকায়নের মাধ্যমে দেশের চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া এবং জাতীয় স্বার্থবিরোধী আন্তর্জাতিক চুক্তি বাতিলের দাবি।
কৃষক নেতারা এসব দাবি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |