| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 15-09-2026 ইং
  • 2114 বার পঠিত
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস
ছবির ক্যাপশন: সদস্যদের জানমাল ও সাংবিধানিক অধিকার সুরক্ষার দাবি

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, মিথ্যাচার, অপপ্রচার, প্রকাশ্য হুমকি ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, একটি উগ্রবাদী গোষ্ঠী ধর্মীয় সমাবেশ, মসজিদের মিম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে হেযবুত তওহীদের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ও ক্ষোভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার নিকেতনে হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেসে সংগঠনের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম এসব অভিযোগ করেন।

তিনি বলেন, হেযবুত তওহীদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি, সহিংসতায় উসকানি, মিথ্যা প্রচারণা এবং নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সংগঠনের সদস্যদের সাংবিধানিক ও মানবাধিকার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

হোসাইন মোহাম্মদ সেলিমের অভিযোগ, ওয়াজ-মাহফিল ও মসজিদের মিম্বরের মতো ধর্মীয় পরিসর ব্যবহার করে একটি শ্রেণি হেযবুত তওহীদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সংগঠনটির বিরুদ্ধে ধারাবাহিক প্রচারণা চালানো হচ্ছে। এতে হেযবুত তওহীদ সম্পর্কে প্রকৃত তথ্য না জানা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি নোয়াখালীর সোনাইমুড়ীসহ নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলে মসজিদে মসজিদে উসকানিমূলক বক্তব্য ও প্রচারপত্র বিলি করা হয়েছে। ঢাকার উত্তরায় হেযবুত তওহীদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও হুমকি ও উসকানিমূলক মিছিলের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

সংগঠনের এই নেতা বলেন, প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবহিত করার পরও ধর্মীয় বক্তব্যের আড়ালে সাধারণ মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চলছে। তাঁর দাবি, প্রতিষ্ঠার পর থেকে হেযবুত তওহীদ আইন অমান্য করেনি এবং বিভিন্ন সময়ে সংগঠনের বিরুদ্ধে হওয়া মামলাগুলোতে আদালতের মাধ্যমে সদস্যরা খালাস পেয়েছেন।

তবে হেযবুত তওহীদের পক্ষ থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইমাম সেলিম আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের প্রচারণা অব্যাহত থাকলে সংগঠনের সদস্যদের বাড়িঘর, সম্পদ ও জীবননিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। ২০১৬ সালে তাঁর গ্রামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও দুই সদস্য নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি দাবি করেন, একই ধরনের সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা আবারও চলছে।

তিনি বলেন, স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে হেযবুত তওহীদের সদস্যদেরও সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। তাই গুজব ও উসকানি বন্ধের পাশাপাশি যারা প্রকাশ্যে সহিংসতার হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মিট দ্য প্রেসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন হোসাইন মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় আমির তানভীর আহমেদ, কুষ্টিয়া আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, খুলনা অঞ্চলের আঞ্চলিক আমির শামসুজ্জামান মিলন, কেন্দ্রীয় বাণিজ্য সম্পাদক কাজী জাহিদুল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আইনুল হক, কুষ্টিয়া জেলা সভাপতি মো. আক্কাচ আলী, খুলনা বিভাগীয় গণমাধ্যম সম্পাদক জাহিদ মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম