| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় তরুণ হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 24-08-2026 ইং
  • 105 বার পঠিত
কুষ্টিয়ায় তরুণ হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় তরুণ হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মটপাড়া ক্যানেলপাড়া এলাকায় তরুণ হাসান মাহমুদ ওরফে হাসানকে (২৫) নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক তপন রায় দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার মটপাড়া গ্রামের মৃত তাহের সরদারের তিন ছেলে মো. হক সরদার (৩৫), মো. মকিম সরদার (৪২) ও মো. আমিরুল ইসলাম সরদার (৪৮)।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন হাসান মাহমুদ। পথে মটপাড়া ক্যানেলপাড়া সংলগ্ন একটি চায়ের দোকানে চা পান করেন তিনি। পরে বাড়ির উদ্দেশে রওনা হয়ে জাফর মল্লিকের বাড়ির পাশের পাকা সড়কে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তাঁর পথরোধ করে আসামিরা।

অভিযোগ অনুযায়ী, আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, ছেনদা, হকিস্টিক ও লোহার হাতুড়িসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। তারা হাসানকে ঘিরে ধরে গালিগালাজের একপর্যায়ে ছেনদা দিয়ে তাঁর মাথায় কোপ দেয়। গুরুতর আহত হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়লে তাঁর পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হকিস্টিক দিয়ে হাত ভেঙে দেওয়ার পাশাপাশি লোহার হাতুড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়।

রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন ও স্বজনরা হাসানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানেন তিনি।

এ ঘটনায় হাসানের চাচা মো. মোতালেব হোসেন বাদী হয়ে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি কুষ্টিয়া মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলাটি ছিল ১৮ নম্বর। পরে হাসানের মৃত্যুর পর মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলায় রূপ নেয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষীদের সাক্ষ্য, বিভিন্ন নথি ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। এরপর দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারক।

রায়ে আরও বলা হয়েছে, আসামিরা মামলার বিচারাধীন সময়ে যতদিন হাজতে ছিলেন, সেই সময়কাল তাঁদের দণ্ডাদেশ থেকে বাদ যাবে।

রায় ঘোষণার মধ্য দিয়ে চার বছর ধরে চলা বহুল আলোচিত এ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। নিহত হাসানের পরিবার এ রায়ে স্বস্তি পেলেও প্রিয়জনকে হারানোর ক্ষত যে সহজে শুকানোর নয়, তা যেন আরও একবার মনে করিয়ে দিল আদালত প্রাঙ্গণের এই রায়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম