মেহেরপুর প্রতিনিধি:
দ্রুত বিচার কার্যক্রমের এক নজির স্থাপন করে মেহেরপুরে একটি শিশু নির্যাতন মামলায় মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করেছেন আদালত। এ মামলায় শাকিল হোসেন নামের এক আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৪ মে ) দুপুর দেড়টার দিকে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, দেশের বিচারব্যবস্থায় এ ধরনের মামলায় এত স্বল্প সময়ে রায় প্রদান একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন একই উপজেলার এক স্কুলছাত্রী তার বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে নির্যাতনের শিকার হয়। ঘটনাটি পরিবারের কাছে জানানো হলে শিশুটির পিতা গাংনী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
বিচার প্রক্রিয়ায় আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন, যার মধ্যে কিছু সাক্ষ্য ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমেও গ্রহণ করা হয়। স্বল্প সময়ে সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন।
রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন উপস্থিত ছিলেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিশুর পরিবার। অন্যদিকে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার ইঙ্গিত দিয়েছেন।
দ্রুত বিচার ও প্রযুক্তির ব্যবহার—এই দুইয়ের সমন্বয়ে মামলাটির নিষ্পত্তি বিচারপ্রার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |