কুষ্টিয়া জেলা প্রতিনিধি | খালিদ বিন শওকত
আসন্ন মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল খন্দকার উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে তাঁর ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। উপজেলার সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণে একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
ইশতেহারে তিনি বলেন, তাঁর মূল অঙ্গীকার— "জনগণের ক্ষমতা, জনগণের উন্নয়ন, জনগণের উপজেলা"। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি কার্যকর ও জনবান্ধব উপজেলা পরিষদ গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
ঘোষিত ১২ দফা ইশতেহারে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, জনগণের সঙ্গে নিয়মিত উন্মুক্ত গণসংলাপ, অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তি ব্যবস্থা চালু এবং "চেয়ারম্যান জনগণের কাছে" কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এছাড়া ডিজিটাল উপজেলা গঠন, অনলাইন নাগরিক সেবা সম্প্রসারণ, যুব সমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
শিক্ষা খাতের উন্নয়নে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং ডিজিটাল শিক্ষার প্রসারের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে গ্রামীণ রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কার, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং জরাজীর্ণ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে।
ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে তরুণদের সম্পৃক্তকরণ, স্থানীয় প্রতিভা বিকাশ এবং নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মা ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং অসহায় রোগীদের জন্য সহায়তা তহবিল গঠনের অঙ্গীকার করেছেন তিনি।
নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ মিরপুর গড়ে তোলার বিষয়ও ইশতেহারে গুরুত্ব পেয়েছে।
এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগীদের ভাতা নিশ্চিতকরণ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে উপজেলা পরিষদকে আরও কার্যকর করা এবং কৃষকদের আধুনিক প্রযুক্তি, সেচ, সার ও কৃষি উপকরণ সহজলভ্য করার পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মো. সোহেল খন্দকার বলেন, "আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, সমগ্র মিরপুর উপজেলার মানুষের প্রতিনিধি হতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে সততা, ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী উপজেলা গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।"
তিনি তাঁর নির্বাচনী প্রচারে তিনটি স্লোগান তুলে ধরেন—"মানুষের পাশে, উন্নয়নের পথে— মো. সোহেল খন্দকার","দল নয়, উন্নয়ন হোক পরিচয়" এবং"স্বতন্ত্র নেতৃত্ব, সবার জন্য সমৃদ্ধ মিরপুর"।
স্থানীয় ভোটারদের প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে মিরপুর উপজেলা উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |