| বঙ্গাব্দ
ad728
ad728

ভেড়ামাড়ায় মহাসড়কে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 07-05-2026 ইং
  • 23369 বার পঠিত
ভেড়ামাড়ায় মহাসড়কে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ছবির ক্যাপশন: ভেড়ামাড়ায় মহাসড়কে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামাড়ায় মহাসড়কে বিশেষ মোবাইল ডিউটির সময় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ এক ব্যবসায়ীকে আটক করেছে চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড প্রদান এবং জব্দকৃত পলিথিন ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (০৭ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে কুষ্টিয়া-পাবনা (এন-৭০৪) মহাসড়কের ভেড়ামাড়া থানাধীন বারদাগ ভেলকিরপুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। চৌড়হাস হাইওয়ে থানার এসআই (নিঃ) মোঃ রইচ উদ্দিনের নেতৃত্বে মোবাইল ডিউটিরত পুলিশ সদস্যরা পাবনা থেকে কুষ্টিয়াগামী একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে সিএনজিটি আটক করা হয়।

পুলিশ জানায়, সিএনজিটিতে তল্লাশি চালিয়ে ২০টি বস্তার মধ্যে রাখা প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় যাত্রীবেশে থাকা পলিথিনের মালিক সঞ্জয় কুন্ডু (৪৫), পিতা- স্বপন কুন্ডু, সাং- হরিনারায়ণপুর, থানা- ইবি, জেলা- কুষ্টিয়াকে আটক করা হয়।

ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে ঘটনাস্থলে উপস্থিত হন ভেড়ামাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপস্থিত সাক্ষী ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেন।

অভিযুক্ত সঞ্জয় কুন্ডু প্রকাশ্যে অপরাধ স্বীকার করলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন ধ্বংস করা হয়।

পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম