নারী ও শিশু নির্যাতন দমন আইন নিয়ে আরও চিন্তাভাবনা করা উচিত, সময় নেওয়া উচিত। শুধু আইন করলেই হবে না, এটি প্রয়োগের বিষয় আছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে ‘সম্মতি’ ও ‘পেনিট্রেশন’ শব্দের বিস্তৃত ব্যাখ্যাসহ পরিবর্তন আনা জরুরি। এ ছাড়া ধর্ষণ মামলার যথাযথ নিষ্পত্তির জন্য পুলিশ প্রশাসন, আইনজীবী ও বিচার বিভাগের সমন্বয় করতে হবে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ধর্ষণ ও নির্যাতন: আইনগত সুরক্ষায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। ধর্ষণ আইন সংস্কার জোটের পক্ষে জোটের সচিবালয় ব্লাস্ট এই মতবিনিময় সভার আয়োজন করে।মতবিনিময় সভায় বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সংজ্ঞায় কেবল ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে এবং পেনিট্রেশন শব্দের বিস্তৃত ব্যাখ্যা প্রদানের মাধ্যমে এর পরিবর্তন আনা জরুরি। পাশাপাশি যৌন সম্মতির জন্য একটি নির্দিষ্ট বয়সকে মানদণ্ড নির্ণয় করাও আবশ্যক। আলোচনায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ ধর্ষণের মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে নিরপেক্ষ বিচার পরিচালনার ওপর জোর দেন। তিনি বলেন, ‘ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এখন বিচারকেরা সাদা-কালো কাগজ দেখেন না। দেখেন সামনে কে দাঁড়িয়ে আছে। বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে হবে। বিচারকেরা সঠিকভাবে কাজ করলে এবং আইনের মৌলিক ধারাগুলো ব্যবহারের মাধ্যমেও সুষ্ঠুভাবে বিচার করা যায়।’
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |