| বঙ্গাব্দ
ad728
ad728

কুমারখালীতে গ্রামীণ সড়কে ২০ টনের বেশি ভারী যান চলাচল বন্ধে মতবিনিময় সভা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 19-11-2026 ইং
  • 324 বার পঠিত
কুমারখালীতে গ্রামীণ সড়কে ২০ টনের বেশি ভারী যান চলাচল বন্ধে মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: সড়কের স্থায়িত্ব রক্ষা ও জনভোগান্তি কমাতে নির্দেশনা বাস্তবায়নের আহ্বান

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গ্রামীণ সড়কের স্থায়িত্ব রক্ষা, অতিরিক্ত ভারে সড়ক ও সেতু-কালভার্টের ক্ষয়ক্ষতি প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ২০ টনের অধিক ভারী যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ্ উদ্দীন খান তারেক। সভায় সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. নাজমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনিছুর রহমান বলেন, গ্রামীণ সড়কের স্থায়িত্ব রক্ষা ও ক্ষয়ক্ষতি প্রতিরোধে ২০ টনের অধিক ওজনের ভারী যানবাহন চলাচল বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে শিলাইদহ ইউনিয়নে ১৫টিরও বেশি ইটভাটা রয়েছে। এসব ইটভাটায় ইট ও কাঁচামাল পরিবহনে ভারী যানবাহন চলাচল করায় স্থানীয় সড়কগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এতে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।

তিনি বলেন, নির্ধারিত ওজনসীমা অতিক্রম করে কোনো যানবাহন যেন এসব সড়কে চলাচল করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। সড়ক রক্ষায় ইটভাটা মালিক, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও চালকদের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ভার বহনকারী যানবাহন চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ্ উদ্দীন খান তারেক বলেন, এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ও জনভোগান্তি কমাতে সড়ক নির্মাণ অত্যন্ত জরুরি। তবে সড়ক নির্মাণের পাশাপাশি এর গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। যথাযথ মান বজায় না রেখে সড়ক নির্মাণ করা হলে তা অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হবে, এতে জনদুর্ভোগ বাড়বে এবং সরকারি অর্থের অপচয় ঘটবে।

তিনি আরও বলেন, শিলাইদহ ইউনিয়নে ১৫টিরও বেশি ইটভাটা থাকায় ইট ও নির্মাণসামগ্রী পরিবহনে প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করে। অতিরিক্ত ওজনের এসব যানবাহনের কারণে গ্রামীণ সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সড়কের স্থায়িত্ব রক্ষা ও উন্নয়নকাজের সুফল দীর্ঘস্থায়ী করতে ২০ টনের অধিক ভারী যান চলাচল বন্ধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সড়ক নির্মাণের গুণগত মান নিশ্চিত করা এবং নির্মিত সড়ক রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রকৌশলী মো. নাজমুল হক বলেন, সর্বোচ্চ মান বজায় রেখে টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণে এলজিইডি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তবে সড়কের স্থায়িত্ব শুধু নির্মাণকাজের মানের ওপর নির্ভর করে না; এর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে এলাকাবাসীর সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য।

তিনি বলেন, ২০ টনের অধিক ওজনের ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা গেলে সড়কের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমবে এবং নির্মিত রাস্তাগুলো দীর্ঘদিন ব্যবহার উপযোগী থাকবে। সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলে সড়কের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইটভাটা মালিকদের পক্ষ থেকে মো. শাহিন বলেন, এলাকার সড়কগুলো সুরক্ষিত রাখা ও এর স্থায়িত্ব নিশ্চিত করার দায়িত্ব সবার। ইটভাটার কাজে ব্যবহৃত ভারী যানবাহনের কারণে যাতে সড়কের ক্ষতি না হয়, সে বিষয়ে তারা সচেতন থাকবেন। রাস্তা ভালো রাখা ও দীর্ঘদিন ব্যবহার উপযোগী করতে ইটভাটা মালিকসহ এলাকার সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ্রামীণ সড়ক স্থানীয় মানুষের দৈনন্দিন চলাচল, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এসব সড়কে ধারণক্ষমতার অতিরিক্ত ওজন নিয়ে ভারী যানবাহন চলাচল করলে সড়কের পেভমেন্ট, কালভার্ট ও অন্যান্য অবকাঠামো দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। এতে সড়কের স্বাভাবিক আয়ুষ্কাল কমে যাওয়ার পাশাপাশি জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়।

সরকারি অর্থে নির্মিত ও সংস্কার করা সড়কগুলো দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার উপযোগী রাখতে নির্ধারিত ওজনসীমা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তারা। অতিরিক্ত ভারী যানবাহনের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হলে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি স্থানীয় জনগণকে বারবার দুর্ভোগের মুখে পড়তে হয় বলেও উল্লেখ করেন বক্তারা।

এ সময় পরিবহন মালিক, চালক, ব্যবসায়ী, ইটভাটা মালিক ও সংশ্লিষ্ট সবাইকে সড়ক রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কুমারখালী, কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় গ্রামীণ সড়ক সংরক্ষণ, সরকারি অবকাঠামোর সুরক্ষা এবং নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে গ্রামীণ সড়কে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সচেতনতা বাড়বে, সড়ক অবকাঠামোর স্থায়িত্ব রক্ষা পাবে এবং স্থানীয় মানুষের যাতায়াত আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম