কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ২১ বোতল ফেনসিডিল, ৪৯ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৪৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট। তবে এসব মাদকদ্রব্যের সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১১ অক্টোবর) রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন শেওড়াতলা ও কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় ফেনসিডিল, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১ হাজার ৪৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা।
এর আগে রাত ১২টা ৩০ মিনিটের দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর হাজীপাড়ায় আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। সেখানে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা।
দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ১০ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য পণ্যের অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকদ্রব্যের চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |