কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত হলো নতুন এক অর্জন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে সরকারি নিবন্ধন ও স্বীকৃতি পেয়েছে কুষ্টিয়া ফিল্ম ক্লাব। এর মধ্য দিয়ে সংগঠনটি কুষ্টিয়া জেলার সরকারি নিবন্ধন ও স্বীকৃতিপ্রাপ্ত ফিল্ম ক্লাব হিসেবে আনুষ্ঠানিক মর্যাদা অর্জন করেছে।
চলচ্চিত্রকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে নয়, সমাজ, ইতিহাস, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের প্রতিফলনের শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে সংগঠনটি। সরকারি স্বীকৃতির ফলে কুষ্টিয়ায় চলচ্চিত্রভিত্তিক কর্মকাণ্ড আরও বিস্তৃত ও সংগঠিত হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
কুষ্টিয়া ফিল্ম ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, চলচ্চিত্র মানুষের চিন্তা ও মননে গভীর প্রভাব ফেলে। সমাজ পরিবর্তন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং মানবিক মূল্যবোধ বিকাশে চলচ্চিত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকেই কুষ্টিয়ায় সুস্থ ও সৃজনশীল চলচ্চিত্রচর্চার পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, ‘সরকারি নিবন্ধন ও স্বীকৃতি কুষ্টিয়ার চলচ্চিত্রপ্রেমী মানুষ এবং সাংস্কৃতিক কর্মীদের জন্য আনন্দের সংবাদ। এর ফলে স্থানীয় চলচ্চিত্র নির্মাতা, শিক্ষার্থী ও তরুণ সংস্কৃতিকর্মীদের চলচ্চিত্রচর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।’
সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, আগামী দিনে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র উৎসব, কর্মশালা, আলোচনা সভা ও প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দেশি-বিদেশি ভালো চলচ্চিত্রের সঙ্গে পরিচিত করার পাশাপাশি স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
কুষ্টিয়া ফিল্ম ক্লাবের ১১ সদস্যের কমিটিতে সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি মো. আহসান হাবিব, সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার, সহসম্পাদক মো. আজিজুল হক, কোষাধ্যক্ষ মো. নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, দপ্তর সম্পাদক জিয়াউল রহমান, সহদপ্তর সম্পাদক মো. নাহিদুজ্জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মুকুল হোসেন, আন্তর্জাতিক বিষয় সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং তথ্য ও গবেষণা সম্পাদক খন্দকার সোহেল ইসলাম রয়েছেন।
সরকারি স্বীকৃতির এই অর্জনকে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের জন্য ইতিবাচক সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জেলার বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকেও কুষ্টিয়া ফিল্ম ক্লাবকে অভিনন্দন জানানো হয়েছে।
তাদের প্রত্যাশা, সরকারি স্বীকৃতির নতুন পরিচয়কে কাজে লাগিয়ে কুষ্টিয়া ফিল্ম ক্লাব চলচ্চিত্রচর্চার পরিসর আরও বিস্তৃত করবে এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে কুষ্টিয়ার স্বতন্ত্র অবস্থানকে আরও সমৃদ্ধ করবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |