;কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
দীর্ঘদিনের নীরবতা ভেঙে ফুটবলের উন্মাদনায় জেগে উঠল কুষ্টিয়ার ক্রীড়াঙ্গন। গ্যালারিভর্তি দর্শক, করতালির গর্জন আর মাঠজুড়ে টানটান উত্তেজনার মধ্য দিয়ে পর্দা নামল বহুল প্রতীক্ষিত কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে কুষ্টিয়া সদর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে কুষ্টিয়া পৌরসভা ফুটবল দল।
শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ফাইনাল ঘিরে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। খেলা শুরুর পর থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তাপ ছড়ায় মাঠে। একের পর এক আক্রমণ, প্রতিরোধ আর গোলের জন্য মরিয়া লড়াইয়ে গ্যালারিতে তৈরি হয় তীব্র উত্তেজনা। কাঙ্ক্ষিত গোলের অপেক্ষায় দর্শকদের মুহুর্মুহু করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
শেষ পর্যন্ত কুষ্টিয়া পৌরসভার একমাত্র গোলই হয়ে ওঠে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। সেই গোলের ব্যবধান ধরে রেখে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে পৌরসভা দল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকেরা। আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
ফাইনাল দেখতে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নামে মানুষের ঢল। কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। মাঠের প্রতিটি আক্রমণ, প্রতিটি প্রতিরোধ এবং গোলের মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাসে যেন কেঁপে ওঠে স্টেডিয়াম। দীর্ঘদিন পর কুষ্টিয়ার মাটিতে এমন জমজমাট ফুটবল আয়োজন ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয় নতুন উদ্দীপনা।
টুর্নামেন্টে কুষ্টিয়ার ছয়টি উপজেলা, পৌরসভাসহ মোট আটটি দল অংশ নেয়। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচেই ছিল প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। এ আয়োজন জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তরুণ ফুটবলারদের নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ তৈরি করেছে। আর ফাইনালের দর্শক উপস্থিতি স্পষ্ট করে দিয়েছে—কুষ্টিয়ার মানুষের হৃদয়ে ফুটবলের আবেদন এখনো অমলিন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করা সম্ভব হবে। তাদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করা গেলে কুষ্টিয়ার মাটি থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে।
টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ। সাবেক সংসদ সদস্য এবং ঢাকা মোহামেডান ও ঢাকা বিশ্ববিদ্যালয় দলের সাবেক ফুটবলার হিসেবে তাঁর অভিজ্ঞতা ও ক্রীড়ার প্রতি অনুরাগ জেলার ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। কিন্তু মাঠের উত্তেজনা আর দর্শকদের উচ্ছ্বাস যেন নতুন এক বার্তা দিয়ে গেল—কুষ্টিয়ায় ফুটবল এখনো বেঁচে আছে, প্রয়োজন শুধু নিয়মিত আয়োজন ও পৃষ্ঠপোষকতার।
ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, গোল্ডকাপের এই সাফল্যকে ধারাবাহিকতায় রূপ দিয়ে নিয়মিত বড় পরিসরের ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হবে। সেই ধারাবাহিকতায় কুষ্টিয়ার হারানো ফুটবল ঐতিহ্য ফিরে আসবে, উঠে আসবে নতুন প্রতিভা—আর জাতীয় অঙ্গনে আরও উজ্জ্বল হবে কুষ্টিয়ার নাম।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |