মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা-এ সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা কমিটি গঠন ও এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে অর্থবহ ও প্রাণবন্ত।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাবদার আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা সুজনের সাধারণ সম্পাদক মুজাহিদ মুন্না এবং অর্থ সম্পাদক সাইদুর রহমান। তাঁদের বক্তব্যে উঠে আসে গণতান্ত্রিক মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতার অপরিহার্যতা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকাদ্দেস হোসেন ও রোকসানা খাতুন, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক মোহাব্বত আলী ও আবদুল আলিম, আমিন ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা. গোলাম মোস্তফা, সমাজকর্মী মাহফুজুর রহমান গোলাম, আব্দুর রাজ্জাক, এনজিও ব্যক্তিত্ব বুলবুল আহমেদ, নারী প্ল্যাটফর্মের সদস্য নাজমা খাতুন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সেলিম গাজী, ক্রীড়া ব্যক্তিত্ব শামীম শিশির, এজি চার্চ মণ্ডলির সদস্য ডেভিড, ডনসন মণ্ডল, তন্ময় মণ্ডল এবং ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রীয় ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা এবং স্থানীয় উন্নয়নে সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, টেকসই সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা অপরিহার্য।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়াজেদ আলী খাঁনকে সভাপতি এবং সানোয়ার হোসেন ডালিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সভাপতি ওয়াজেদ আলী খাঁন আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভার সার্বিক পরিবেশে ছিল সুশাসনের প্রত্যাশা, দায়িত্ববোধের অঙ্গীকার এবং একটি উন্নত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়—যা অংশগ্রহণকারীদের মাঝে নতুন আশার সঞ্চার করে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |