মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে আদর্শিক চর্চা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন স্তরের রুকনরা অংশ নেন।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. আব্দুল হালিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আদর্শভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও আত্মশুদ্ধির বিকল্প নেই। একজন রুকনকে শুধু সংগঠনের কর্মী নয়, সমাজের জন্য আদর্শবান মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অঞ্চল টিম সদস্য ও কুষ্টিয়ার সাবেক জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন, চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন এমপি এবং লেখক, গবেষক ও প্যারেন্টিং কনসালট্যান্ট ড. আহসান হাবিব ইমরোজ। বক্তারা সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং বর্তমান প্রেক্ষাপটে রুকনদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আমির এমপি তাজউদ্দিন খান। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি রফিকুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা সেক্রেটারি ইকবাল হোসেন।
আয়োজকরা জানান, দিনব্যাপী এ শিক্ষাশিবিরে অংশগ্রহণকারীদের জন্য আদর্শিক শিক্ষা, সাংগঠনিক কার্যক্রমের কৌশল এবং নৈতিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও সচেতনতা আরও সমৃদ্ধ করার সুযোগ পান।
শিক্ষাশিবিরটি অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান আয়োজকরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |