কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ক্রেতা-বিক্রেতাদের নির্বিঘ্ন কেনাকাটা ও যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কুষ্টিয়ার মিরপুর উপজেলা-এর ঐতিহ্যবাহী পোড়াদহ কাপড়ের হাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার (৩ মার্চ) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে বাজারজুড়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নেওয়া হয় একাধিক কার্যকর পদক্ষেপ, যা সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
ঈদকে সামনে রেখে প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে পোড়াদহ কাপড়ের হাট। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতাদের ভিড়ে বাজারের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সৃষ্টি হচ্ছিল তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়ছিলেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন এ বিশেষ উদ্যোগ গ্রহণ করে।
অভিযানের অংশ হিসেবে বাজারের ফুটপাত দখল করে বসানো অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাট, অননুমোদিত স্টল এবং যান চলাচলে বাধা সৃষ্টি করা অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন।
অভিযানে নেতৃত্ব দেন মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদার এবং মিরপুর থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ও ওসি (তদন্ত) আব্দুল আজিজ। তাঁদের তত্ত্বাবধানে বাজার এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পোড়াদহ বাজারের সভাপতি নুর উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক মুন্না আহমেদ, পোড়াদহ কাপড়ের হাটের ইজারাদার জুমারত হোসেন এবং পোড়াদহ ইউনিয়ন জামায়াতের আমির বাবুল আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বিত উপস্থিতি অভিযানে বাড়তি গতি সঞ্চার করে।
বাজার ব্যবসায়ী ও ক্রেতারা পুলিশের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাঁদের ভাষ্য, ঈদের ব্যস্ত মৌসুমে এ ধরনের নিয়মিত অভিযান বাজারের পরিবেশ শৃঙ্খলিত রাখবে এবং অযথা ভোগান্তি কমাবে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল ফিতর পর্যন্ত বাজার এলাকায় নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান রাখার মাধ্যমে সাধারণ মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক কেনাকাটার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
ঐতিহ্য ও উৎসবের আবহে মুখর পোড়াদহ কাপড়ের হাটে এই উদ্যোগ যেন ঈদের আনন্দকে আরও প্রশস্ত ও নির্বিঘ্ন করে তুলেছে—এমন প্রত্যাশাই এখন সবার।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |