কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ অস্ত্র পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গত ১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অস্ত্র পাচারের গোপন সংবাদ পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৫৭/৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠ এলাকায় একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তি মোঃ মনিরুল ইসলাম (পিতা—মোঃ মহসিন আলী, গ্রাম—মরারচর, থানা—দৌলতপুর, জেলা—কুষ্টিয়া) বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় সে তার সঙ্গে থাকা দুইটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিনের আনুমানিক বাজারমূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক এই অভিযান বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এ ধরনের কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |