কুষ্টিয়া (খোকসা) প্রতিনিধি : সাজ্জাদ আহম্মেদ
কুষ্টিয়ার খোকসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হয় কুমারখালী ফুটবল একাদশ ও কুষ্টিয়া ফুটবল একাদশ।
ঐতিহাসিক জানিপুর মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ। টানটান উত্তেজনা আর দর্শকদের করতালিতে মাঠজুড়ে সৃষ্টি হয় অপূর্ব পরিবেশ। নির্ধারিত সময়ে খেলা ১–১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানেই ৪–৩ গোলে কুষ্টিয়াকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় কুমারখালী ফুটবল একাদশ।
রোমাঞ্চকর এই লড়াইয়ে প্রথম গোলদাতা এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য কুমারখালীর ফুটবলার আশিককে দেওয়া হয় 'ম্যান অফ দ্য ম্যাচ' পুরস্কার। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খোকসা–কুমারখালীর নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা ফাহিমা রুমী এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান কাজল মাজমাদার। এছাড়া মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামান, পৌর বিএনপির সভাপতি মুন্সি এ জেড রশিদ রেজা বাজু এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরীফ।
টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু, অর্থ সম্পাদক নুরুজ্জামান এবং শামীম আহমেদ বাবু।
পুরো ম্যাচজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য আর দর্শকদের উচ্ছ্বাস খোকসায় এক উৎসবমুখর আবহ তৈরি করে। স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে এ জমজমাট আয়োজন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |