মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি-সাংবাদিকদের মতবিনিময় সভা
কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের দায়িত্বশীল ও কার্যকর সহযোগিতা কামনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) আয়োজিত এ সভায় সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বিজিবির দায়িত্ব ও কার্যক্রম, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন এবং কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদ কামাল রনি।
সভায় সাংবাদিকরা সীমান্তবর্তী এলাকার বিভিন্ন সমস্যা, মাদক ও চোরাচালানের বিস্তার, সীমান্ত অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে তাঁদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন। পাশাপাশি সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির কার্যক্রম আরও গতিশীল করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য দ্রুত ও বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে প্রকাশের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদ কামাল রনি। তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত আইন মেনে চলা এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আইনি জটিলতা, সামাজিক ক্ষতি এবং মাদক চোরাচালানের ভয়াবহ পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান শুধু ব্যক্তি বা পরিবারকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি সৃষ্টি করে। এসব অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।
অধিনায়ক আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি ও সাধারণ জনগণের পারস্পরিক সমন্বয় অপরিহার্য। এ ক্ষেত্রে গণমাধ্যম জনসচেতনতা সৃষ্টি এবং অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সভায় বক্তারা বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করছে। তবে মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনুসন্ধানী সাংবাদিকতা এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে অপরাধ প্রতিরোধে গণমাধ্যম কার্যকর অবদান রাখতে পারে।
এ সময় বিজিবি ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, তথ্যের আদান-প্রদান এবং পেশাগত সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিকরাও সীমান্তের নিরাপত্তা, মাদক নির্মূল ও অপরাধমুক্ত সমাজ গঠনে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সাংবাদিক ও সংশ্লিষ্টরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা বিজিবি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে। একই সঙ্গে সীমান্ত এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের পথ সুগম করবে।
সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি এবং সমাজের দর্পণ গণমাধ্যম—এই দুই শক্তির সমন্বিত প্রচেষ্টা মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |