কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
নদীপথে গোপনে ভারতে পাচারের আগেই বিপুল পরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া সীমান্তের পুরাতন ঠোটারপাড়া নদী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় সারের কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, পুরাতন ঠোটারপাড়া নদী এলাকায় নৌপথে সার ভারতে পাচারের প্রস্তুতি চলছে—এমন তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবির একটি চৌকস টহল দল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সার ফেলে পালিয়ে যায়। পরে নদী এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি), ৪ হাজার কেজি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা সারের পরিমাণ ৯ হাজার ২৫০ কেজি।
সীমান্ত দিয়ে দেশের কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ উপকরণ সার পাচারের ঘটনা শুধু চোরাচালানের বিষয় নয়, এর সঙ্গে কৃষকের সারপ্রাপ্তি ও বাজারব্যবস্থার ওপরও প্রভাবের আশঙ্কা থাকে। ফলে সীমান্ত এলাকায় সার পাচার ঠেকাতে বিজিবির তৎপরতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যেতে না পারে, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযানও চালানো হচ্ছে।
বিজিবি কর্মকর্তারা জানান, দেশের স্বার্থবিরোধী যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |