কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা সামনে রেখে ন্যায্য অধিকার আদায়ের দাবিতে কুষ্টিয়ায় হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের বিভিন্ন দাবিতে সরব এই সমাবেশে অংশ নেন জেলার শতাধিক শ্রমিক ও নেতৃবৃন্দ।
বুধবার (২০ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া শহরের ব্যস্ততম মজমপুর ট্রাফিক মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন (রেজি: বি-২১২৬) কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি রমজান বিশ্বাস এবং সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় পাল।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা আহ্বায়ক সোলায়মান পারভেজ। এছাড়াও বক্তব্য দেন শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক লিয়াকত মৃধা, সদস্য আছির উদ্দিন, রবিন খাঁ, জনি শেখ এবং ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সদস্য তোরাপ আলী ব্যাপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার হোটেল ও রেস্তোরাঁ খাতে কর্মরত শ্রমিকরা ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। আসন্ন ঈদ-উল-আজহার পূর্বেই এক মাসের মজুরির সমপরিমাণ উৎসব ভাতা প্রদান, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, নিয়মিত হাজিরা খাতা ও সার্ভিসবুক সংরক্ষণ, ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন এবং শ্রম আইন কার্যকর করার দাবি জানান তারা।
শ্রমিক নেতারা আরও উল্লেখ করেন, দীর্ঘ ৮ বছরের আন্দোলন-সংগ্রামের পর গত বছরের ৫ মে ২০২৫ সালে সরকার হোটেল ও রেস্তোরাঁ খাতের জন্য নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট ঘোষণা করে। নিয়ম অনুযায়ী ঘোষণার মাস থেকেই তা কার্যকর হওয়ার কথা থাকলেও প্রায় এক বছর পেরিয়ে গেলেও অধিকাংশ প্রতিষ্ঠানে তা বাস্তবায়ন হয়নি।
তারা দ্রুত সময়ের মধ্যে ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়নসহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ শেষে শ্রমিকরা তাদের দাবির সমর্থনে সংক্ষিপ্ত মিছিল বের করেন, যা মজমপুর ট্রাফিক মোড়ের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |