কুষ্টিয়া প্রতিনিধি:
চলমান এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কুষ্টিয়ায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টা ৪০ মিনিটে কুষ্টিয়া জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় পরীক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে মোতায়েনকৃত পুলিশ সদস্যদের কার্যক্রমও তিনি সরেজমিনে তদারকি করেন।
পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, প্রশ্নফাঁস বা বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা দিয়ে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর উপস্থিতি কেন্দ্রগুলোতে দায়িত্বশীলতা ও শৃঙ্খলার বার্তা আরও জোরালো করে তোলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষাকে ঘিরে কুষ্টিয়ার প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা, অভিভাবকদের স্বস্তি এবং একটি সুষ্ঠু পরীক্ষা পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি কুষ্টিয়া এবং সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষা ও নিরাপত্তার এই সমন্বিত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল। তাদের মতে, পুলিশ সুপারের এমন সরেজমিন তদারকি পরীক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং সুষ্ঠু পরীক্ষা আয়োজনের প্রতি প্রশাসনের আন্তরিকতাকে আরও দৃশ্যমান করেছে।
জননিরাপত্তা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কুষ্টিয়া জেলা পুলিশের এমন সক্রিয় ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বমহলে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের তদারকি শুধু পরীক্ষা সুষ্ঠু রাখে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক বার্তাও বহন করে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |