কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার খোকসায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ও ঐতিহ্যবাহী খোকসা মেগা ফুটবল টুর্নামেন্ট–২০২৫। স্থানীয় যুবসমাজের উদ্যোগে এবং খোকসা যুবসংঘ ও পাঠাগারের আয়োজনে আয়োজিত এ টুর্নামেন্ট ইতোমধ্যে পুরো এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় খোকসা জানিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খোকসা পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি তরিকুল ইসলাম তরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ও খোকসা যুবসংঘের উপদেষ্টা মো. সাইফুল ইসলাম। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় খোকসা একাদশ বনাম দৌলতপুর স্পোর্টিং ক্লাব। উত্তেজনাপূর্ণ এ ম্যাচ উপভোগ করেন কয়েক হাজার দর্শক, যা পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এদিকে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ভেড়ামারা ফুটবল একাদশ ও কুষ্টিয়া ফুটবল একাডেমি। রোমাঞ্চকর লড়াইয়ে কুষ্টিয়া ফুটবল একাডেমি ১–০ গোলে ভেড়ামারা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু। আয়োজক কমিটির সভাপতি মো. সোহেল রানা বলেন, খোকসা মেগা ফুটবল টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়—এটি খোকসার ঐতিহ্যের প্রতীক। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খল ও মাদকমুক্ত রাখতে আমরা প্রতিবছর এমন আয়োজনের চেষ্টা করি। এবারের টুর্নামেন্টে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। প্রতিদিন বিকেলে একটি করে খেলা অনুষ্ঠিত হবে। বিজয়ী দলের জন্য রাখা হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ পুরস্কার।করোনা মহামারি ও অন্যান্য কারণে কয়েক বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টকে ঘিরে পুরো খোকসা জুড়ে বইছে উৎসবের আমেজ। শেষ পর্যন্ত কোন দল শিরোপা জিতবে—তা জানতে মুখিয়ে আছেন জেলার ফুটবলপ্রেমীরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |